চট্টগ্রাম বন্দর থেকে সন্দেহজনক পণ্যভর্তি কনটেইনার 'নিখোঁজ'
চট্টগ্রাম বন্দরে সন্দেহজনক পণ্যভর্তি একটি কনটেইনার খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার কনটেইনার খুলে পণ্য চালান শতভাগ পরীক্ষা-নিরীক্ষা করতে কাস্টম হাউসের কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন।
কাস্টম হাউসের গোয়েন্দা শাখা জানায়, গত ১০ ফেব্রুয়ারি জাহাজ থেকে এই কনটেইনার (এমএসকেইউ ৭৫৮৬৬৮৭) চট্টগ্রাম বন্দর চত্বরে নামানো হয়। কনটেইনারটিতে ১১ হাজার ৮৯০ কেজি কটন ফেব্রিক্স রয়েছে বলে আমদানিকারকের নথিপত্রে উল্লেখ আছে। পণ্য চালানটিতে মিথ্যা ঘোষণার গোপন সংবাদে এই চালানের খালাস স্থগিত করে কাস্টম হাউস কর্তৃপক্ষ।
কাস্টম হাউস জানায়, গত ২২ জুন কাস্টম হাউসের সহকারী কমিশনার রোজিনা পারভীন বন্দরের টার্মিনাল ম্যানেজারের কাছে এক চিঠিতে এটিসহ চারটি কনটেইনার বিশেষ নজরদারিতে রাখার জন্য অনুরোধ জানান। পণ্যভর্তি এই চারটি কনটেইনার আমদানি করে নারায়ণগঞ্জের পোশাকশিল্পের প্রতিষ্ঠান ‘এ-ওয়ান নিট এক্সপোর্ট’। কাস্টম হাউসের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার কনটেইনার খুলে পণ্য চালানটি পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে এটি পাওয়া যায়নি।’
বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন বলেন, ‘পরিবহন বিভাগ কনটেইনারটি খুঁজে দেখছে। এর আগেও এমন নিখোঁজ কনটেইনার বন্দরের ইয়ার্ডে পাওয়া গেছে।’