চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নের যোগসূত্র হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বলেছেন, চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার ভূমিবদ্ধ দেশগুলোর উন্নয়নে যোগসূত্র হিসেবে ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশ দক্ষিণ ও পূর্ব এশিয়ার সেতুবন্ধ। শুধু দক্ষিণ এশিয়ার নয়, পূর্ব এশিয়া ও অন্যান্য দেশের ভবিষ্যতের সঙ্গে এ দেশের ভবিষ্যৎ জড়িত। গতকাল বুধবার চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যকার বাণিজ্য ‘দুঃখজনকভাবে কম’ বলে ব্লেক দাবি করেন। তিনি বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি এবং পরের বছর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের পর ভারতে বাংলাদেশের বার্ষিক রপ্তানি ৬০ শতাংশ বেড়েছে। আগামী দুই বছরে এই রপ্তানি চার গুণ বাড়তে পারে। দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার মধ্যে একটি ‘নতুন সিল্ক রোড’-এর রূপরেখা তুলে ধরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, যান-চলাচল ও জ্বালানি অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং আন্তসীমান্ত বাণিজ্য প্রসারের মাধ্যমে মধ্য ও দক্ষিণ এশিয়া বিশ্ব বাণিজ্যের কর্মচঞ্চল কেন্দ্রে পরিণত হতে পারে। ক্ষুদ্রঋণ কর্মসূচি সমর্থন করে ব্লেক বলেন, এটি বাংলাদেশে উদ্ভাবিত হয়েছে, যা এখানকার এবং বিশ্বব্যাপী নারী ও দরিদ্র পরিবারগুলোর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশের মালিকানাধীন গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের কার্যক্রম লাখ লাখ গরিব মানুষকে সহায়তা করেছে, যাঁদের প্রায় সবাই নারী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভারপ্রাপ্ত উপাচার্য কামাল আহমেদ ও ডিন সঙ্গীতা রায়ামাঝি। অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার তিনজন ছাত্রী রবার্ট ব্লেককে বাণিজ্য, জলবায়ু ও রাজনীতি নিয়ে প্রশ্ন করেন। সমাপনী বক্তব্য দেন আফগানিস্তানের ছাত্রী ফারওয়ানা ফাইয়াজ।