চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত করছেন আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর নিয়ে আটজন ব্যক্তি ‘চক্রান্ত’ করছেন বলে অভিযোগ তুলেছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। চক্রান্ত বন্ধ না করলে এই আটজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। গতকাল বুধবার বিকেলে বন্দর ভবনের মূল ফটকের পাশে সড়কে এক সমাবেশে এ কথা বলেন তিনি। বন্দর রক্ষা পরিষদের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আটজনের মধ্যে রয়েছেন বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এই প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজের চুক্তি বাতিলের জন্য বন্দর চেয়ারম্যানকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দেন তিনি। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
মহিউদ্দিনের ভাষায় চক্রান্তকারীদের অপর সাতজনই বন্দর কর্মকর্তা। এর মধ্যে বন্দর চেয়ারম্যানের নাম বললেও অন্য কর্মকর্তাদের নাম বলেননি।
গতকালের সমাবেশে সাইফ পাওয়ারটেক লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিনা লাইসেন্সে বন্দরে কাজ পেয়ে প্রতিষ্ঠানটি এখন সব কাজ হাতিয়ে নিচ্ছে। বন্দরের সঙ্গে কনটেইনার ওঠানো-নামানোর চুক্তির শর্ত ভঙ্গ করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বন্দরকে জিম্মি করেছে প্রতিষ্ঠানটি।
অভিযোগ সম্পর্কে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সরকারি নিয়মনীতি মানার পরও একটি স্বার্থানেষী গোষ্ঠী এই আন্দোলন করছে। এতে বন্দরের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। দেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
রুহুল আমিন বলেন, চুক্তি অনুযায়ী নিয়মকানুন মেনে সাইফ পাওয়ারটেক বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত আছে। প্রতিষ্ঠানটির দক্ষতাও অন্যদের চেয়ে অনেক বেশি।
বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে মহিউদ্দিন বলেন, ‘বন্দরের কর্মকর্তারা অন্যায়ের প্রতিবাদ করলে তাঁদের বদলি করে দিচ্ছেন চেয়ারম্যান। বদলির নামে চক্রান্ত করলে দাঁতভাঙা জবাব দেওয়ার যোগ্যতা আমার আছে।’
মহিউদ্দিন চৌধুরীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে আমিও সোচ্চার। কেউ বন্দরকে জিম্মি করুক সেটি আমিও চাই না।’
নিজামউদ্দিন আহমেদ বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেডকে যেসব কাজ দেওয়া হয়েছে তা মন্ত্রণালয় কিংবা ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদনে দেওয়া হয়েছে। যদি অনিয়মের অভিযোগ উঠে তাহলে মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি তদন্ত করে দেখতে পারে।
বদলির বিষয়ে নিজামউদ্দিন আহমেদ বলেন, বদলি হওয়া কর্মকর্তাদের সংখ্যা খুব কম। নিয়মনীতি মেনে কর্তৃপক্ষ কর্মকর্তাদের বদলি করা হয়েছে।
মহিউদ্দিন চৌধুরী গতকালের সভায় জোর দিয়ে বলেন, ‘আমরা বন্দর এক মুহূর্তের জন্য অচল হতে দেব না। এই আন্দোলন বন্দর নিয়ে অপকর্মের বিরুদ্ধে।’