চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার আগ্রাবাদে সংগঠনের কার্যালয়ে এক সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে পরিস্থিতি থেকে উত্তরণে কর্তৃপক্ষের কাছে কয়েক দফা প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।জানা গেছে, বৈঠকে বন্দরের অবনতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে নিউমুরিং কনটেইনার টার্মিনালের তিনটি অব্যবহূত জেটিতে খাদ্যশস্য ও স্টিল বিলেট পণ্যবাহী জাহাজ ভেড়ানোর সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়। এসব পণ্য জাহাজ থেকে খালাস করে সরাসরি বন্দরের বাইরে নেওয়া হয়।এ ছাড়া বৈঠকে দুটি কনটেইনার জেটিতে সাধারণ পণ্যবাহী জাহাজ ভেড়ানোর অনুমোদন দেওয়ারও প্রস্তাব করা হয়। এসব প্রস্তাব বাস্তবায়ন করা হলে খাদ্যশস্য ও সাধারণ পণ্যবাহী জাহাজের জট কমতে পারে বলে বৈঠকে আলোচনা হয়।বৈঠকে বন্দর থেকে যেসব দক্ষ কর্মকর্তা অবসরে গেছেন, তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়। এ ছাড়া উপদেষ্টা কমিটিতে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং একজন পরিচালককে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে ছয়টি কনটেইনার জেটির দরপত্র নিয়ে সমঝোতা না করতে সদস্যদের অনুরোধ জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত। এ সময় সহসভাপতি পারভেজ আহমেদসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।