শিপিং এক্সিকিউটিভ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের দুই সদস্যের বন্দরে ঢোকার গেট পাস বাতিল করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত বুধবার বন্দরের পরিচালক (নিরাপত্তা) এক চিঠিতে ওই দুজনের গেট পাস বাতিল করেন।এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে বৈঠক করে চট্টগ্রাম বন্দর বর্জনের হুমকি দিয়েছেন কো-অপারেটিভ সোসাইটির নেতারা। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, ‘কোনো নোটিশ ছাড়াই সংগঠনের দুজন জ্যেষ্ঠ সদস্যের গেট পাস কেড়ে নেওয়া যৌক্তিক নয়। আজ রোববারের মধ্যে বিষয়টি সমাধান না হলে আমরা বন্দর বর্জন করার কঠোর কর্মসূচি ঘোষণা করব।’সংগঠনের নেতারা জানান, কো-অপারেটিভ সোসাইটির সাবেক সভাপতি এভারেট শিপিং লাইনের মহাব্যবস্থাপক মামুন উর রশিদ এবং সদস্য কসকো শিপিং লাইনের জ্যেষ্ঠ নির্বাহী সিরাজুল ইসলামের গেট পাস বাতিল করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সংগঠনের এই দুই সদস্য জাহাজে বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগ নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এ কারণে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।