চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের রক্ষণাবেক্ষণ এবং কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে সংসদীয় কমিটি তাৎক্ষণিক এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে কমিটির বেশির ভাগ সদস্য বিশ্বব্যাংকের প্রস্তাব নাকচ করার পক্ষে মত দিয়েছেন। তাঁরা বলেছেন, চট্টগ্রাম বন্দরের নতুন টার্মিনাল তৈরি ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে, বিশ্বব্যাংক তাতে বিনিয়োগ করতে পারে এবং তাদের পরামর্শ অনুযায়ী বন্দরের নতুন এলাকা দেশি-বিদেশিদের সমন্বয়ে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া যেতে পারে। কমিটি এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে পরামর্শ করে মতামত দিতে বলেছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বিশ্বব্যাংক কয়েক বছর আগে থেকেই চট্টগ্রাম বন্দর বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে আসছিল। বৈঠক সূত্র জানায়, এবারের প্রস্তাবে তারা বিভিন্ন উন্নত দেশের বন্দরের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম বন্দর ছেড়ে দিতে বলেছে। সরকার এই প্রস্তাবে রাজি হলে বিশ্বব্যাংক বন্দরের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় বিনিয়োগ করবে।
জানতে চাইলে কমিটির সদস্য এম আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, বর্তমানে কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। উন্নত অনেক দেশের মতো বাংলাদেশেও কার্গো হ্যান্ডলিং হয়ে থাকে। এটি বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হলে তারা আমদানি-রপ্তানিকারকদের কাছ থেকে উচ্চ হারে টাকা আদায় করবে, যা আমদানি ও রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।
এ ছাড়া বৈঠকে পটুয়াখালীর পায়রাবন্দর, বাংলাদেশ মেরিন একাডেমি কর্তৃপক্ষ ও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিয়ে আলোচনা হয়। কমিটি মেরিটাইম ইনস্টিটিউটের জন্য পৃথক শিক্ষা বোর্ড গঠনের সুপারিশ করে।
সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আবদুল হাই, এম আবদুল লতিফ, রণজিৎ কুমার রায়, আনোয়ারুল আজীম ও মমতাজ বেগম অংশ নেন।