চট্টগ্রাম বন্দর ভবনের সামনে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার বন্দর ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করেছে ডক বন্দর-শ্রমিক কর্মচারী ফেডারেশন। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত শ্রমিকেরা বন্দর ভবনের মূল ফটকের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন। এর আগে নিমতলা মোড় থেকে মিছিল বের করেন তাঁরা।সমাবেশে শ্রমিকনেতারা ঘোষণা দেন, ২৮ মার্চ বন্দরে সকাল আটটা থেকে এক পালার (আট ঘণ্টা) কাজ বন্ধ রাখা হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে শ্রমিকনেতারা চাকরিতে পুনর্বহাল, দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগ, শ্রমিকদের জন্য হাসপাতাল দাবি জানান। এ দাবিতে ২৫ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ডক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদ, স্টিভিডোরিং স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হান শরীফ, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর নওশাদ প্রমুখ।২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর চট্টগ্রাম বন্দরের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে কয়েক হাজার শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌ-পরিবহনমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিকনেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কর্মচ্যুত শ্রমিকদের যাচাই-বাছাই করে বন্দর কর্তৃপক্ষ।