চট্টগ্রাম বন্দর ভবনের সামনে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে গতকাল বুধবার বন্দর ভবনের মূল ফটকের সামনের রাস্তায় অবস্থান ধর্মঘট পালন করেছে ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন। বেলা ১১টা থেকে এক ঘণ্টা এ কর্মসূচি পালন করে তারা।কর্মসূচি চলাকালে শ্রমিকনেতারা বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এতে শ্রমিকদের দাবিগুলো তুলে ধরা হয়। কর্মসূচি চলাকালে শ্রমিকনেতারা সংক্ষিপ্ত সমাবেশে বলেন, চাকরিতে পুনর্বহাল এবং শ্রমিকদের কল্যাণমূলক ব্যবস্থা চালু করতে হবে। ১১ এপ্রিলের মধ্যে এসব দাবি মানা না হলে পরদিন ১২ এপ্রিল পূর্বনির্ধারিত ১৬ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।গতকাল ধর্মঘট চলাকালে বক্তৃতা করেন ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান খান, যুগ্ম সম্পাদক রশীদ আহম্মদ চৌধুরী ও আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর।