চট্টগ্রাম বন্দর রক্ষার দাবিতে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর রক্ষার দাবিতে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে অনশন কর্মসূচি পালন করেছেন কর্মচারী ও শ্রমিকেরা। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর ভবনের সামনের ফুটপাতে শামিয়ানা টানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
অনশন কর্মসূচিতে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, সাইফ পাওয়ারটেক পাকিস্তানি এজেন্ট। এই প্রতিষ্ঠানের হয়ে বন্দরে পাকিস্তানি লোকজন কাজ করছে। বন্দরের মতো স্থানে পাকিস্তানি লোকদের কাজ করানো এই বন্দরের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মহিউদ্দিন চৌধুরী এই রক্ষা পরিষদের সভাপতি। এই পরিষদের ব্যানারে এক সপ্তাহ ধরে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে।
গতকালের অনশন কর্মসূচিতে অংশ নেন বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকার, বন্দর রক্ষা পরিষদের সদস্যসচিব আবদুল আহাদ প্রমুখ।
এই অভিযোগের ভিত্তি সম্পর্কে জানতে চাইলে এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে এই প্রতিষ্ঠানের যোগাযোগ আছে। প্রতিষ্ঠানটিতে পাকিস্তানি নাগরিকেরা কাজ করছে। তাদের কাজের অনুমতিসহ খোঁজখবর নিলে সত্য বেরিয়ে আসবে।’
মহিউদ্দিন চৌধুরীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে মহিউদ্দিন চৌধুরীর নানা অভিযোগসহ আন্দোলন নিয়ে এর আগে রুহুল আমিন প্রথম আলোকে বলেছেন, সরকারি নিয়মকানুন মেনেই তিনি বন্দরে কাজ করছেন।