চট্টগ্রাম বন্দরকে ‘মাফিয়া চক্র’ থেকে বাঁচাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাফিয়া চক্র’-এর হাত থেকে চট্টগ্রাম বন্দরকে রক্ষা করতে আন্দোলনের ডাক দিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।বন্দরে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডকে ‘মাফিয়া’ অভিহিত করে মহিউদ্দিন চৌধুরী বলেন, বন্দরের প্রায় ৫৮২ কোটি টাকার নিউমুরিং কনটেইনার টার্মিনালে বিনিয়োগ ও পরিচালনা এই প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য তিন বছর ধরে দরপত্রের মূল ১২টি শর্ত সংশোধন ও বিলুপ্ত করা হয়েছে। দেশে-বিদেশে সরকার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য ৩০ আগস্ট এই দরপত্র জমা দেওয়ার সময় স্থগিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, এই সংস্থার অন্যায়ের বিরুদ্ধে কোনো কর্মকর্তা কথা বললে তাঁকে বদলি করে দেওয়া হয়। এ কারণে বন্দর কর্মকর্তারাও ভয়ে এই প্রতিষ্ঠানের পক্ষে কাজ করতে বাধ্য হচ্ছে। তিনি অভিযোগ করেন, আইন না থাকলেও বন্দরের টাকা অন্যত্র নিয়ে যাওয়ার তৎপরতা চলছে। এসব অন্যায় প্রতিহত করা হবে।সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ, ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, যুগ্ম সম্পাদক আবদুল আহাদ, বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘এনসিটি টার্মিনালের শর্ত শিথিলের বিষয়টি আমার জানা নেই। বরং কঠিন শর্তের কারণে বিদেশি একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই দরপত্রে অংশ নিচ্ছি আমরা। দরপত্রে যারা যোগ্য হবে তারাই আসবে।’ সাইফ পাওয়ারটেক লিমিটেডকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরে তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠান প্রতিযোগিতা ছাড়া কোনো কাজ করছে না।’