চট্টগ্রাম বন্দরমুখী জাহাজের ইঞ্জিন বিকল
চট্টগ্রাম বন্দরের দিকে আসার পথে মিয়ানমারের উপকূলে আন্দামান সাগরে বাংলাদেশি পণ্যবাহী একটি কনটেইনার জাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জাহাজের ১৮ জন বিদেশি নাবিককে উদ্ধার করে আরেকটি কনটেইনার জাহাজে করে বন্দরে নিয়ে আসা হচ্ছে।
জাহাজের স্থানীয় প্রতিনিধি সূত্র জানায়, মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দর থেকে পণ্যভর্তি ৮৬৯ একক কনটেইনার নিয়ে এমভি গ্ল্যাডিস জাহাজটি বন্দরে আসার পথে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় সাগরে ভাসতে থাকা জাহাজের ২১ জন বিদেশি নাবিকের মধ্যে ১৮ জনকে কাছাকাছি থাকা আরেকটি জাহাজে তোলা হয়। এই ১৮ জন নাবিককে নিয়ে আজ বৃহস্পতিবার বন্দরে ভেড়ার কথা রয়েছে জাহাজটির।
জানা গেছে, আন্দামান সাগরে ভাসতে থাকা এমভি গ্ল্যাডিস জাহাজে অবস্থান করছেন ক্যাপ্টেন, প্রধান প্রকৌশলী ও প্রধান কর্মকর্তা। জাহাজের ইঞ্জিনকক্ষে পানি ঢুকেছে বলে জানা গেছে।
ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেডের উপমহাব্যবস্থাপক কাজী শহীদ মাহমুদ প্রথম আলোকে জানান, জাহাজে থাকা তিনজন নাবিক জাহাজটির ইঞ্জিন সচল করার চেষ্টা করছেন। সেটি সম্ভব না হলে উদ্ধারকারী জাহাজের সাহায্যে টেনে কাছাকাছি কোনো বন্দরে ভেড়ানো হবে।