চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে টাইলসের ৩৫০ কনটেইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আমদানি নীতিতে আমদানি করা সিরামিক টাইলস খালাসের আগে বিএসটিআইয়ের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু জনবলের অভাবে বিএসটিআই এ ছাড়পত্র দিতে হিমশিম খাচ্ছে। বিষয়টি নিয়ে আমদানিকারকেরা উচ্চ আদালতে গেলে বিএসটিআই ছাড়পত্র দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। এ অবস্থায় বিএসটিআইয়ের ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে টাইলসের নমুনার বিশাল স্তূপ জমেছে।চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়ায় চট্টগ্রাম বন্দর জেটিতে চীন, কোরিয়া, তাইওয়ানসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা টাইলসের প্রায় ৩৫০টি কনটেইনার দুই মাস ধরে পড়ে আছে। প্রতিটি কনটেইনারের বন্দর ভাড়া এসেছে এক থেকে দেড় লাখ টাকা করে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্বও আটকে আছে। টাইলস আমদানির ওপর শুল্ক ১২৭ শতাংশ।বিএসটিআইয়ের সনদের অভাবে আমদানি করা টাইলসের শুল্কায়ন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের (আমদানি) যুগ্ম কমিশনার মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ছাড়পত্র পেলেই শুল্কায়ন শুরুতে আমাদের কোনো আপত্তি নেই।’টাইলস আমদানিকারকদের সূত্রে জানা গেছে, দেশের চাহিদা মেটাতে ২০-২৫ বছর ধরে টাইলস আমদানি হচ্ছে। আগে কখনো আমদানি করা টাইলসের শুল্কায়নে বিএসটিআইয়ের ছাড়পত্র লাগত না। এখন দেশে উৎপাদিত এবং আমদানি করা উভয় টাইলসের ক্ষেত্রে বিএসটিআইয়ের ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক।আমদানিকারকেরা অভিযোগ করেন, এক ধরনের টাইলসের জন্য ন্যূনতম আটটি করে নমুনা বিএসটিআইয়ের কার্যালয়ে জমা করার নিয়ম আছে। ফলে কোনো আমদানিকারক ১০ ধরনের টাইলস আমদানি করলে তাঁকে ন্যূনতম ৮০টি নমুনা জমা দিতে হবে। এর মধ্যে বিএসটিআইয়ের চট্টগ্রাম কার্যালয়ে ৪০টি এবং বাকি ৪০টি ঢাকা কার্যালয়ে আমদানিকারকের নিজ খরচ ও ব্যবস্থাপনায় পৌঁছে দিতে হয়। দুই জায়গার পরীক্ষার সমন্বয় করে ছাড়পত্র দেওয়া হয়। ফলে যাঁরা টাইলস আমদানি করছেন, তাঁরা পড়েছেন চরম ভোগান্তিতে।একজন আমদানিকারক অভিযোগ করেন, ‘নিজ খরচে বিএসটিআইয়ের কার্যালয়ে টাইলস পৌঁছে দিতে আমাদের আপত্তি ছিল না। কিন্তু বিএসটিআই নানা অজুহাতে সনদ দিতে গড়িমসি করছে, যা আমাদের চরম ভোগান্তির কারণ।’জানা গেছে, এ ধরনের ভোগান্তি থেকে বাঁচতে একজন আমদানিকারক গত সপ্তাহে উচ্চ আদালতে একটি রিট করেন। আদালত নমুনা জমা দেওয়ার চার দিনের মধ্যে সাময়িক ছাড়পত্র এবং ৬০ দিনের মধ্যে চূড়ান্ত ছাড়পত্র জমা দেওয়ার নির্দেশনা দেন। বিএসটিআইয়ের জনবল-স্বল্পতা থাকলে তৃতীয় কোনো সংস্থার মাধ্যমে এ ছাড়পত্র দিতে আদালতে নির্দেশনা ছিল। এ নির্দেশনার অনুলিপি ৭ জুলাই বিএসটিআইয়ের ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। তা সত্ত্বেও বিএসটিআই আমদানি করা টাইলসের সাময়িক ও চূড়ান্ত ছাড়পত্র দিচ্ছে না।বিএসটিআইয়ের উপপরিচালক মো. ইসহাক আলী প্রথম আলোর কাছে স্বীকার করেন, ‘আমাদের কার্যালয়ে টাইলসের নমুনার স্তূপ জমেছে। আদালতের নির্দেশনার বিষয়টি আমি শুনেছি। এটি জমা হয়েছে ঢাকায় প্রধান কার্যালয়ে। সেখান থেকে নির্দেশনা না আসা পর্যন্ত আমরা ছাড়পত্র দিতে পারছি না।’