চট্টগ্রাম বন্দরে আবার আন্দোলনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যাচাই-বাছাই করা শ্রমিকদের নিয়োগসহ কয়েকটি দাবিতে আবার লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন। গতকাল বুধবার বন্দর এলাকায় মিছিল-সমাবেশ থেকে তারা এ কর্মসূচি ঘোষণা করে।কর্মসূচি অনুযায়ী, দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্দরে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকনেতারা। প্রয়োজনে লাগাতার কর্মবিরতিও ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তাঁরা।শ্রমিকদের প্রধান প্রধান দাবি হচ্ছে, বেসরকারি বার্থ অপারেটরদের অধীনে বন্দর কর্তৃপক্ষের যাচাই-বাছাই করা শ্রমিক নিয়োগ, শ্রমিকদের পরিচয়পত্র দান, বন্দরে পরিবহন বিভাগের অধীনে শ্রম বিভাগ চালু করা ইত্যাদি।গতকাল বন্দর ভবনের সামনের রাস্তায় এক সমাবেশে শ্রমিকনেতারা বলেন, ছয়টি কনটেইনার জেটিতে বেসরকারি অপারেটরকে কার্যাদেশ দেওয়ার আগে এসব দাবি বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে এ দাবিতে লাগাতার কর্মবিরতি করা হবে।সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী। এ সময় সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ বক্তব্য দেন। এর আগে সকালে নিউমুরিং এলাকা থেকে বারিক বিল্ডিং পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা।গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌপরিবহনমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিকনেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকে শ্রমিকদের কল্যাণমূলক বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী কর্মচ্যুত শ্রমিকদের যাচাই-বাছাই করে বন্দর কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের পর গত ১ জুলাই বন্দর কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা বৈঠকে ১১টি সিদ্ধান্ত হয়।বন্দর সূত্রে জানা গেছে, কর্মসূচি ঘোষণার পর বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে বৈঠক করে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়। আজ বৃহস্পতিবার থেকে এসব দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হবে।জানতে চাইলে বন্দরের সদস্য হাদী হোসেন গতকাল সন্ধ্যায় টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছি। আশা করি, তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নেবেন।’ ডক শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ বলেন, বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি বাস্তবায়ন করলে কর্মসূচি প্রত্যাহার করা হবে।