চট্টগ্রাম বন্দরে এক কনটেইনার যন্ত্রপাতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে এক কনটেইনার মূলধনি যন্ত্রপাতি আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। গত সোমবার বন্দর ইয়ার্ডে কনটেইনার খুলে আমদানি পণ্যের সঙ্গে কাগজপত্রের গরমিল খুঁজে পায় শুল্ক কর্তৃপক্ষ। কাস্টম হাউস জানায়, কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের প্রতিষ্ঠান ইয়াংওয়ান গ্রুপের কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রায় ৯৩ হাজার মার্কিন ডলার মূল্যের এক কনটেইনার মূলধনি যন্ত্রপাতি আমদানি করে। তবে সোমবার কনটেইনারটি খুলে দেখা যায়, এসব যন্ত্রপাতির সবগুলোই পুরোনো। কাস্টম হাউসের সহকারী কমিশনার ফখরুল আমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পুরোনো যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে আগেই ঘোষণা দিতে হয়। এ জন্য আন্তর্জাতিক জরিপকারক প্রতিষ্ঠানের সনদও জমা দিতে হয়। ঘোষণা ছাড়াই পুরোনো যন্ত্রপাতি আমদানি করায় এগুলো আটক করা হয়েছে। এ বিষয়ে ইয়াংওয়ান গ্রুপের পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ইয়াংওয়ান সিইপিজেডের ব্যবস্থাপক এ কে এম জিয়াউর রহমান বলেন, ‘পুরোনো যন্ত্রপাতি আমদানির জন্য সনদসহ সব নথিপত্রই আমাদের কাছে আছে। শুধু পণ্য আমদানির ঘোষণাপত্রে ভুলে পুরোনো যন্ত্রপাতির কথা উল্লেখ করা হয়নি।’