চট্টগ্রাম বন্দরে একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা
অতিরিক্ত ড্রাফট নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থান করায় একটি বিদেশি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার গমবাহী ওই জাহাজটিকে জরিমানা করা হয়। চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা প্রথম আলোকে বলেন, অতিরিক্ত ড্রাফট নিয়ে বন্দর চ্যানেলে প্রবেশ করায় ভিয়েতনামের পতাকাবাহী এমভি তান-ভিন-৩৬ নামের জাহাজটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের চ্যানেলে একটি সুনির্দিষ্ট ড্রাফটে (জাহাজের পানির অংশের গভীরতা) জাহাজ চলাচল এবং জেটিতে অবস্থান করতে পারে।বন্দর সূত্রে জানা গেছে, ১১ জুলাই এমভি তান-ভিন-৩৬ জাহাজে ২১ হাজার টন সরকারি আমদানির গম নিয়ে সাইলে জেটিতে ভিড়ে। এমভি তান- ভিন-৩৬ জাহাজের ড্রাফট নয় দশমিক ৩৫ মিটার। কিন্তু একই দিন বন্দরের সর্বোচ্চ অনুমোদিত ড্রাফট ছিল নয় দশমিক ১৫ মিটার। অর্থাৎ জাহাজটি দশমিক ২০ মিটার বেশি গভীরতা নিয়ে বন্দর জেটিতে ভিড়েছে। এ ধরনের বেশি ড্রাফটের জাহাজ বন্দরে প্রবেশ ঝুঁকিপূর্ণ বলে তাঁরা জানান।