চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানো ব্যাহত হওয়ার আশঙ্কা
চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহনের হার দ্রুত বাড়ছে। আগের বছরের চেয়ে ২০১০ সালে কনটেইনার পরিবহনের হার বেড়েছে ১৫ দশমিক ৬৬ শতাংশ। সাত বছরের মধ্যে পরিবহনের হার এটাই সর্বোচ্চ। বন্দরে নতুন সুযোগ-সুবিধা বাড়ানো না হলে ক্রমশ বাড়তে থাকা কনটেইনার ওঠানো-নামানো ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।চট্টগ্রাম বন্দরের হিসাবে দেখা গেছে, ২০১০ সালে বন্দর দিয়ে ১৩ লাখ ৪৩ হাজার ৪৪৮ ইউনিট কনটেইনার ওঠানো-নামানো হয়। ২০০৯ সালে পরিবহন হয় ১১ লাখ ৬১ হাজার ৪৭০ ইউনিট কনটেইনার। বন্দরের ১০টি জেটি দিয়ে এসব কনটেইনার ওঠানো-নামানো হয়। এ জন্য ৩০ হাজার ৮৮৬ ইউনিট ধারণক্ষমতার বন্দর ইয়ার্ডের গড়ে প্রায় ৬৯ শতাংশ ব্যবহূত হয়।জাতিসংঘের বাণিজ্যবিষয়ক সংস্থা আঙ্কটাডের হিসাবমতে, যেকোনো বন্দর ইয়ার্ডের ধারণক্ষমতার সর্বোচ্চ ৬৭ শতাংশ ব্যবহার করে স্বাভাবিকভাবে কনটেইনার ওঠানো-নামানো করা যায়। বন্দরের একটি প্রতিবেদনে ধারণক্ষমতার সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যবহারকে সহনীয় মাত্রা বলে উল্লেখ করা হয়েছে।চট্টগ্রাম বন্দরের সদস্য হাদী হোসাইন প্রথম আলোকে বলেন, আঙ্কটাডের আদর্শ মাত্রার চেয়ে এখন বেশি ব্যবহূত হচ্ছে। তাই ধারণক্ষমতা বাড়াতে দুটি ওভার ফ্লো কনটেইনার ইয়ার্ড নির্মাণের প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। এ দুটি ইয়ার্ডের ধারণক্ষমতা হবে ১২ হাজার ইউনিট কনটেইনার। এসব ইয়ার্ড হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। বন্দর সূত্রে জানা গেছে, প্রায় আট হাজার ৪০০ ইউনিট ধারণক্ষমতার নর্থ কনটেইনার ইয়ার্ড এখন ‘ওভার ফ্লো ইয়ার্ড’ হিসেবে ব্যবহূত হচ্ছে। প্রায় ছয় হাজার ইউনিট কনটেইনার ধারণক্ষমতার এক্স-ওয়াই শেড নির্মাণের প্রকল্প প্রস্তাব এখন বন্দরের বোর্ডসভায় অনুমোদনের অপেক্ষায় আছে। এ ছাড়া প্রায় ৪৪ একর জায়গায় ডক ওয়ার্কার্স কলোনিতে নতুন একটি ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা করছে বন্দর।এফবিসিসিআইয়ের পরিচালক এস এম নুরুল হক বলেন, যেভাবে কনটেইনার পরিবহনের হার বাড়ছে তাতে নিউমুরিং কনটেইনার টার্মিনালের পাঁচটি জেটি পুরোদমে চালুর বিকল্প নেই। কনটেইনার সংরক্ষণের জায়গাও সম্প্রসারণ করতে হবে। এসব কাজ শেষ করতে যত দেরি হবে, ততই প্রতিবেশী দেশগুলোকে বন্দর ব্যবহারের সুযোগ দিতে দেরি হবে।বন্দর সূত্রে জানা গেছে, কনটেইনার পরিবহনের হার বাড়ায় অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখতে এ পর্যন্ত ১৭ ধরনের পণ্যভর্তি কনেটইনার বেসরকারি কনটেইনার ডিপোতে খালাসের অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বন্দরের একটি প্রকাশনায় বলা হয়, বন্দর থেকে সরাসরি বেসরকারি ইয়ার্ডে নিয়ে আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাসের অনুমোদন দেওয়ায় প্রতিদিন দুই হাজার ট্রাক এবং তিন হাজার লোককে বন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে কনটেইনার ওঠানো-নামানোয় কিছুটা হলেও সুবিধা বেড়েছে।পরামর্শক প্রতিষ্ঠান নাথান অ্যাসোসিয়েটস জেটিতে স্বাভাবিক কনটেইনার ওঠানো-নামানো নিশ্চিত করতে একক চালানের পণ্যভর্তি কনটেইনার বন্দর থেকে সরাসরি বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের সুপারিশ করে। তবে কাস্টম হাউসের জনবলসংকট এবং আমদানি পণ্যে শুল্ক জড়িত থাকায় সব পণ্যভর্তি কনটেইনার বেসরকারি ডিপোতে খালাসের অনুমোদন দেওয়া যাচ্ছে না বলে জানা গেছে।