চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট কমছে না
নানা পদক্ষেপ সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট কমছে না। গতকাল বৃহস্পতিবার বন্দরে পড়ে ছিল ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ কনটেইনার।
বন্দর সূত্র জানায়, খালি কনটেইনার অপসারণে এ মাসের শুরুতে স্বাভাবিক ভাড়ার চার গুণ দণ্ডভাড়া আরোপ করেছিল বন্দর কর্তৃপক্ষ। কিন্তু কনটেইনারের সংখ্যা না কমায় দ্বিতীয় দফায় চিটাগাং কনটেইনার টার্মিনালে জাহাজের অবস্থান সময় ৪৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬০ ঘণ্টা নির্ধারণ করা হয়। এ ছাড়া প্রতি সপ্তাহে দুটি জাহাজে খালি কনটেইনার বোঝাই করে সিঙ্গাপুরে পাঠানোরও পদক্ষেপ নেওয়া হয়।
সূত্র জানায়, দুই দফার পদক্ষেপে পুরোপুরি সুফল না আসায় গত বুধবার থেকে সিঙ্গাপুরগামী জাহাজে বাধ্যতামূলকভাবে খালি কনটেইনার বোঝাই করা হয়। এসব পদক্ষেপ বাস্তবায়ন শুরুর পরও খালি কনটেইনারের সংখ্যা কমেনি।
বন্দরের হিসাব অনুযায়ী, গতকাল বন্দরে খালি কনটেইনারের সংখ্যা ছিল সাড়ে নয় হাজার। অথচ বন্দরে খালি কনটেইনার রাখার জায়গা আছে সাড়ে পাঁচ হাজার। ধারণক্ষমতার বেশি কনটেইনার রাখার কারণে বিভিন্ন কাজে বিঘ্ন ঘটছে।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সব পদক্ষেপ কাজে না আসার মূল কারণ কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্রপাতি ও পরিবহন করার গাড়ির সংকট। জেটি পরিচালনাকারী বেসরকারি সংস্থা এবং বন্দর কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে নজর দেওয়া উচিত।