চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে আজ সোমবার থেকে ছয় দিনে ১৮ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে ডক-বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন। গতকাল রোববার রাতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্মসূচি স্থগিত করে ফেডারেশন।এদিকে কর্মবিরতি কর্মসূচির সমর্থনে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বন্দর ভবনের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে ডক-বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন। সূত্র জানায়, বিকেলে বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে। বৈঠকে সভাপতিত্ব করেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম। আলোচনার পর ফেডারেশন কর্মবিরতি কর্মসূচি স্থগিত করে। ডক-বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আহাদ বলেন, বন্দর কর্তৃপক্ষ পর্যায়ক্রমে তাঁদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।গত শনিবারের সংবাদ সম্মেলনে আজ সোম, মঙ্গল ও বৃহস্পতিবার প্রতিদিন দুই ঘণ্টা করে এবং আগামী ১ থেকে ৩ আগস্ট প্রতিদিন চার ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।