চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির সমর্থনে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির সমর্থনে গতকাল শনিবার বন্দর এলাকায় মিছিল-সমাবেশ করেছেন শ্রমিকেরা। ডক-বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এই মিছিল-সমাবেশের আয়োজন করা হয়। আজ রোববার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছিল ডক-বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন। তবে কর্মসূচি প্রত্যাহার নিয়ে গতকাল শ্রমিকনেতা ও বার্থ অপারেটরদের সঙ্গে ঢাকায় নৌপরিবহনমন্ত্রী বৈঠকে বসেছেন। বিআইডব্লিউটিএ সম্মেলন কক্ষে সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটর ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। রাতে (১০টা ২০ মিনিট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল। গতকাল সকালে কর্মবিরতির সমর্থনে নগরের নিমতলা থেকে কয়েক হাজার শ্রমিকের একটি বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশ থেকে শ্রমিকনেতারা চাকরিতে পুনর্বহাল, দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগ, শ্রমিকদের জন্য হাসপাতাল ও ডরমেটরি চালুর দাবি জানান। সমাবেশ থেকে আজ কর্মবিরতি সফল করার আহ্বান জানানো হয়।সমাবেশে বক্তব্য দেন ডক-শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, স্টিভিডোরিং স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হান শরীফ প্রমুখ।