চট্টগ্রাম বন্দরের জেটির সংরক্ষিত এলাকা থেকে এক কনটেইনার কাপড় চুরির চেষ্টাকালে আটক আটজনকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ এদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল থানায় নিয়মিত মামলা করেছে। ঘটনাটি খতিয়ে দেখতে বন্দর কর্তৃপক্ষ দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত বুধবার রাতে কনটেইনারভর্তি প্রায় এক কোটি টাকা মূল্যের কাপড় চুরির চেষ্টা করে একটি চক্র।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনির হোসেন, মো. জামাল, মো. সাগর, জয়নাল আবেদিন, মো. শহীদ, আনোয়ার হোসেন, মো. হারুন ও জামশেদ উদ্দিন। এঁদের মধ্যে মনির বন্দরের সিটিটি জেটি পরিচালনাকারী বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেকের অপারেটর এবং জামাল হচ্ছেন চেকার। সাগর ও জয়নাল আটক কভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী। অন্য চারজন সাইফ পাওয়ার টেকের শ্রমিক।বন্দর সূত্রে জানা গেছে, আমদানি ঘোষণার সঙ্গে পণ্য চালানের অমিল থাকায় চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা গত ২৮ মার্চ ৪০ ফুট দীর্ঘ এক কনটেইনার ভর্তি কাপড় আটক করে। ঢাকার ইসলামপুরের এক ব্যবসায়ীর আমদানি করা এই চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করছিল বুলবুল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।