চট্টগ্রাম বন্দরে কোটি টাকার কাপড় চুরির সময় চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারভর্তি কাপড় চুরির সময় গতকাল বুধবার চারজনকে আটক করেছেন বন্দরের নিরাপত্তাকর্মীরা। তাঁরা হলেন সুরমা ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যানচালক সাগর, তাঁর সহকারী জয়নাল এবং বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের কর্মী মনির ও জামাল।বন্দরের নিরাপত্তা বিভাগের উপপরিচালক লে. কমান্ডার আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে আটকের চেষ্টা চলছে। চক্রটি প্রায় এক কোটি টাকা মূল্যের ৭২১ বেল পোশাকশিল্পের আমদানি করা কাপড় চুরির চেষ্টা করেছিল।বন্দরের একজন কর্মকর্তা বলেন, যেসব কাপড় চুরি হচ্ছিল, সেগুলো গত মার্চে কাস্টম হাউস আটক করে। কাপড়ের আমদানিকারক ঢাকার বিক্রমপুরের মেসার্স এসএস এন্টারপ্রাইজ। বন্দর সূত্রে জানা গেছে, সরবরাহ দেওয়ার জন্য কনটেইনার যেখানে রাখা হয়, একই জায়গায় রাখা ছিল এই কনটেইনারটি। অথচ কাগজপত্র অনুযায়ী এই কনটেইনারটি সরবরাহের তালিকায় ছিল না।