চট্টগ্রাম বন্দরে ছিঁড়ে পড়া লোহার পাতের চাপায় শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে গতকাল সোমবার সকালে জাহাজের ক্রেন থেকে ছিঁড়ে পড়া লোহার পাতের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক নাসির আহমদ (৪৫) বার্থ অপারেটর পঞ্চরাগ উদয়ন সংস্থার অধীন বন্দরের ৮ নম্বর জেটিতে কাজ করছিলেন। বন্দর সূত্র জানায়, সকাল পৌনে সাতটায় জেটিতে স্টিল পণ্যবাহী জাহাজ এমভি সং শান থেকে ক্রেনের সাহায্যে পণ্য খালাস করছিলেন শ্রমিকেরা। হঠাৎ ক্রেন ছিঁড়ে ২০ ফুট লম্বা লোহার পাতের একটি খণ্ড পড়ে নাসির আহমদের ওপর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নাসিরের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার ছানুয়া এলাকায়। পুলিশ লাশ উদ্ধার করেছে। বন্দর থানার উপপরিদর্শক জসীম উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।