চট্টগ্রাম বন্দরে জাহাজজটে ব্যবসায়ীদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কনটেইনার জট এবং পণ্য খালাসে দীর্ঘসূত্রতার ঘটনায় ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরে আমদানি-রপ্তানি ও বাণিজ্যসংক্রান্ত নানা সমস্যা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। ব্যবসায়ীদের এমন ক্ষোভের মুখে অনেকটাই নীরব ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান।

গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীরা বন্দরের নানা সমস্যার জন্য বন্দর কর্তৃপক্ষকে দায়ী করেন। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এসব সমস্যার সমাধান করার দাবি জানান তাঁরা। নয়তো সরকারের সর্বোচ্চ মহলে বিষয়টি তুলে ধরার ইঙ্গিত দেন ব্যবসায়ীরা। নৌপরিবহনমন্ত্রী ও চট্টগ্রাম বন্দর উপদেষ্টা পরিষদের প্রধান শাজাহান খান দু-এক দিনের মধ্যে বন্দরসংশ্লিষ্ট সব সংস্থা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সমন্বয় সভা করবেন বলে আশ্বাস দেন।

চট্টগ্রাম বন্দর নিয়ে গতকাল প্রথম আলোতে ‘তীব্র জাহাজজটে বেহাল বন্দর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালিদ ইকবাল বলেন, ‘আগের চেয়ে আমদানি-রপ্তানি বেড়ে যাওয়ায় জট বেড়েছে। জেটি বেশি থাকলে এ সমস্যা থাকত না। আমাদের আমদানি বেশি হচ্ছে, কিন্তু রপ্তানি কম। এ কারণে ৫০ শতাংশের বেশি কনটেইনার খালি পাঠাতে হচ্ছে।’ বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বন্দরের সদস্য জাফর আলম, বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, বিজিএমইএর পরিচালক মনির হোসেন, এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্দর সূত্র বলছে, গতকালও চট্টগ্রাম বন্দরে জাহাজজট ছিল। ১২টি কনটেইনারবাহী জাহাজ বন্দরের বহির্নোঙরে অপেক্ষা করছিল। আজ বুধবার বন্দর কর্তৃপক্ষ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও ফিডার ভ্যাসেল অপারেটরদের সঙ্গে জরুরি বৈঠক করবে। এ ছাড়া ২৪ জুলাই বন্দরের সব ব্যবহারকারীর সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।