লাইটার জাহাজডুবি, রক্ষা পেলেন ১২ নাবিক
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ঢেউটিন শিল্পের কাঁচামালবোঝাই ‘এমভি সুন্দরবন-১’ নামের একটি ছোট আকারের (লাইটার) জাহাজ ডুবে গেছে।
আজ শুক্রবার সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জাহাজে থাকা ১২ নাবিকই উদ্ধার পেয়েছেন।
নাবিকদের উদ্ধারের বর্ণনা দিয়ে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম প্রথম আলোকে জানান, দুর্ঘটনার পর জাহাজের আটজন নাবিক বহির্নোঙরে অবস্থানরত একটি বড় জাহাজে উঠে রক্ষা পান। পরে নৌবাহিনীর একটি জাহাজের সাহায্যে তাঁদের কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নেওয়া হয়। জাহাজের অপর চারজন নাবিক স্পিডবোটের সহায়তায় তীরে ফিরে আসেন। পাঁচজন নাবিক সামান্য আহত হন।
বন্দর কর্মকর্তারা জানান, আজ ভোরে পতেঙ্গা সৈকত থেকে সাগরের দিকে দেড় নটিক্যাল মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটি গতকাল বন্দর জেটিতে অবস্থানরত একটি জাহাজ থেকে প্রায় দেড় হাজার টন স্টিল কয়েল বোঝাই করেছিল। ডুবে যাওয়া পণ্যের আনুমানিক দাম প্রায় আট কোটি টাকা বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ এখনো জানতে পারেননি বন্দর ও নৌ-বাণিজ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তবে ধারণা করা হচ্ছে, স্টিল কয়েলগুলো জাহাজে ভালোভাবে সংরক্ষণ না করায় ভারসাম্য হারিয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
নৌ-বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে জানান, ‘সাগর প্রচণ্ড উত্তাল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।’