চট্টগ্রাম বন্দরে জাহাজে পণ্য তোলার সময় বাড়ল ২৪ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে অবস্থানরত জাহাজে রপ্তানিযোগ্য তৈরি পোশাকবাহী কনটেইনার তোলার সর্বশেষ সময় (কাট অব টাইম) ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অর্থাত্ এখন থেকে বন্দরের জেটিতে জাহাজ নোঙর করার পরদিন সকাল আটটা পর্যন্ত পণ্য তোলার প্রক্রিয়া করা যাবে। বন্দর সূত্রে জানা যায়, তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে গত ১৭ ফেব্রুয়ারি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বৈঠকের সূত্র ধরে নৌপরিবহন মন্ত্রণালয় ৭ মার্চ কাট অব টাইম বাড়ানোর নির্দেশনা দেয়। এর পরিপ্রেক্ষিতে নোটিশ দিয়ে কাট অব টাইম যেদিন জাহাজ বন্দরে ভিড়বে, সেদিন সকাল আটটার পরিবর্তে পরদিন সকাল আটটা পর্যন্ত করা হয়েছে।বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী বলেন, কাট অব টাইম বাড়ানোর কারণে বন্দরে জাহাজের অবস্থানের সময় বেড়ে যাবে। এতে বন্দরে জাহাজজট পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরী বলেন, ‘কাট অব টাইম বাড়ানোর মাধ্যমে জাহাজে পণ্য তোলার ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম দূর হবে বলে আমরা মনে করি।’