চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানের সময় আবার বাড়ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বার্থে (জেটির যে স্থানে জাহাজ ভেড়ে) গত ২২ ফেব্রুয়ারি এমভি ওশেন প্রুভ জাহাজের গড় অবস্থানের সময় দুই দিনের কম ছিল। এ সময় জাহাজে এক হাজার ৩১৬ বক্স কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। একই জাহাজ গত ২২ মার্চ সিসিটি বার্থে এক হাজার ২৪০ বক্স কনটেইনার ওঠানো-নামানোয় সময় নিয়েছে প্রায় তিন দিন। এক মাসের ব্যবধানে সিসিটি বার্থে ওই একটি জাহাজের গড় অবস্থানের সময় এক দিন বেড়ে গেছে। জাহাজের গড় অবস্থান সময় বাড়লে ব্যয় বাড়ে। এর প্রভাব পড়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে। সিসিটি জেটি পরিচালনা করছে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক।শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন অভিযোগ করছে, ২০ মার্চ থেকে এ বার্থে জাহাজ থেকে ধীরগতিতে কনটেইনার খালাস এবং বোঝাই করা হচ্ছে। এ কারণে জাহাজের গড় অবস্থানের সময় প্রায় তিন দিন হয়ে গেছে। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সাইফ পাওয়ার টেক ইচ্ছা করেই ‘ধীরে চলো নীতি’ গ্রহণ করেছে। এ কারণে জাহাজের গড় অবস্থান সময় বেড়েছে।অবশ্য সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, বন্দরে শ্রমিকদের কর্মবিরতির কারণে কয়েকটি জাহাজে পণ্য ওঠানো-নামানোয় বেশি সময় লেগেছে। কাজে ধীরগতির বিষয়টি অস্বীকার করে রুহুল আমিন বলেন, ‘আমাদের কাছে প্রতিটি জাহাজের হিসাব আছে। আমাদের কারণে কোনো জাহাজের পণ্য ওঠানো-নামানোয় দেরি হওয়ার কোনো প্রমাণ নেই।’