চট্টগ্রাম বন্দরে জেটি সরকারদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি
চট্টগ্রাম বন্দরে গত রোববার সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীদের (জেটি সরকার) মারধর করার ঘটনা তদন্তে গতকাল সোমবার চার সদস্যের কমিটি করা হয়েছে। বন্দরের উপপরিবহন ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেনকে প্রধান করে এই কমিটি করা হয়। রোববার চাকরিচ্যুত শ্রমিকদের কর্মবিরতি চলাকালে জেটি সরকারদের শ্রমিকেরা মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।বন্দর সূত্রে জানা গেছে, চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক সংগঠনগুলোর জোট চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ডাকে রোববার চট্টগ্রাম বন্দরে আট ঘণ্টার কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। এ সময় বন্দরের সংরক্ষিত এলাকায় শ্রমিকেরা জেটি সরকারদের মারধর করেন। এতে পাঁচজন আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে জেটি সরকাররা চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাঁরা দুপুর ১২টার পর থেকে কাস্টমস হাউসের কাজকর্ম বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন। বন্দর কর্তৃপক্ষ রাতে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী সমিতির সঙ্গে বৈঠক করে একটি সমঝোতায় পৌঁছে। বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী সমিতির দাবি অনুযায়ী মারধরের ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। গতকাল কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটি ইতিমধ্যে তার কাজ শুরু করেছে।