চট্টগ্রাম বন্দরে ডুবন্ত জাহাজ উদ্ধারের কাজ শুরু হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে থাকা এমভি হ্যাং রো বং জাহাজ উদ্ধারের কাজ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। জাহাজ উদ্ধারকারী সংস্থা প্রান্তিক মেরিন সার্ভিসেস উদ্ধারের কাজ করছে। জানা গেছে, জাহাজটি উদ্ধারে জাহাজমালিকের প্রতিনিধির সঙ্গে প্রান্তিক মেরিন সার্ভিসেসের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী দুই মাসের মধ্যে এই জাহাজটি উদ্ধারকাজ শেষ করার কথা বলা হয়েছে।গত ৬ এপ্রিল রাতে বহির্নোঙরে দেশীয় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে হ্যাং রো বং ডুবে যায়। এ জাহাজে থাকা সরকারের আমদানি করা প্রায় ৫০ কোটি টাকার চালও পানিতে ভিজে নষ্ট হয়।চুক্তি সই হওয়ার কথা স্বীকার করে জাহাজমালিকের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলোকে বলেন, চুক্তির পর জাহাজ উদ্ধারের কাজ শুরু হয়েছে।