চট্টগ্রাম বন্দর চ্যানেলের পাশে গমভরা জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলবাহী ট্যাংকারের ধাক্কায় চট্টগ্রাম বন্দরের সাইলো জেটির সামনে আজ বৃহস্পতিবার সকালে সরকারি গমবাহী একটি ছোট জাহাজ ডুবে গেছে। বন্দরে জাহাজ আসা-যাওয়ার মূল পথের (চ্যানেল) পাশে জাহাজডুবি হলেও এতে বন্দরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনাস্থল বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে। বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

বন্দর সূত্র জানায়, প্রায় ১০ হাজার টন ভোজ্যতেল নিয়ে এমটি গোল্ডেন ব্লেসিং সকাল পৌনে ১০টার দিকে টিএসপি জেটিতে ভেড়ার সময় এমভি ব্লু প্যাসিফিক জাহাজে ধাক্কা দেয়। এতে জেটিতে নোঙর করা ব্লু প্যাসিফিকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে জেটির মুখে ধীরে ধীরে ডুবে যায়। জাহাজটিতে প্রায় দেড় হাজার টন গম রয়েছে।

এমভি ব্লু প্যাসিফিক জাহাজের মালিক রিপ শিপিং লাইনস।