চট্টগ্রাম বন্দরে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে তিন মাস লাগতে পারে
চট্টগ্রাম বন্দরে ডুবে যাওয়া চালবোঝাই উত্তর কোরিয়ার জাহাজ এমভি হ্যাং রো বং উদ্ধার করতে তিন মাস সময় লাগতে পারে। ডুবে যাওয়া জাহাজের ক্ষতিগ্রস্ত অংশ পরীক্ষা-নিরীক্ষা করে এই মত দিয়েছে উদ্ধারকারী প্রতিষ্ঠান প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেড।৬ এপ্রিল একটি দেশীয় জাহাজের সঙ্গে সংঘর্ষে এমভি হ্যাং রো বং জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ৫০ কোটি টাকার চালও ভিজে নষ্ট হয়। এটি উদ্ধারের জন্য গত সোমবার প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেডের সঙ্গে জাহাজমালিকের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের চুক্তি সই হয়।গতকাল বহির্নোঙরে ডুবে যাওয়া জাহাজের উদ্ধারকাজ পরিদর্শনের সময় প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার প্রথম আলোকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে তিন মাসের মধ্যে এটি উদ্ধার করা সম্ভব হবে। প্রাথমিকভাবে জাহাজটি আবার ভাসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জাহাজে থাকা ১৩ হাজার ৪৯২ টন নষ্ট চাল খালাস করা হবে। এরপর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে এটি ভাসানোর উদ্যোগ নেওয়া হবে।জাহাজমালিকের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদির সাংবাদিকদের বলেন, এই জাহাজে চার হাজার টন লোহা আছে। জাহাজের লোহার দাম প্রায় ১০ কোটি টাকা। চুক্তি অনুযায়ী উদ্ধারকারী সংস্থা অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারলে ১০ কোটি টাকা নিয়ে এটি হস্তান্তর করবে অথবা জাহাজের লোহা বিক্রি করে উদ্ধার কাজের খরচ পরিশোধ করবে।