চট্টগ্রাম বন্দরে ডুবে যাওয়া তেলের ট্যাংকার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া ট্যাংকার ‘ওটি মুন’ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বন্দরের কান্ডারি-১০ জাহাজ ও দুটি বেসরকারি বার্জের সাহায্যে ট্যাংকারটি টেনে নদীতীরে আনা হয়।গত শনিবার রাতে বন্দরের ডলফিন অয়েল জেটি-৫-এ একটি ডিপো থেকে ফার্নেস অয়েল বোঝাইয়ের সময় ট্যাংকারটি ডুবে যায়। ডুবে যাওয়ার পর জাহাজে থাকা প্রায় ১৭০ টন ফার্নেস অয়েলের বেশির ভাগ নদীতে ছড়িয়ে পড়ে। বন্দরের প্রায় ৫০ হাজার বর্গমিটার এলাকায় এই দূষণ ছড়ায় বলে পরিবেশ অধিদপ্তরের একটি দল প্রমাণ পায়। জ্বালানি তেলে নদীদূষণের দায়ে ট্যাংকারের মালিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংকার সার্ভিসেসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ট্যাংকারটি উদ্ধার করা হয়েছে। ট্যাংকারে থাকা তেলও অপসারণ করা হবে। তেলের দূষণ কমাতে মঙ্গলবারও বন্দরের বিশেষায়িত জাহাজ থেকে রাসায়নিক ছিটানো হয়েছে।