চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, একটি অচল
চট্টগ্রাম বন্দরে গতকাল সোমবার রাত ১২টার দিকে দুটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত বিদেশি পতাকাবাহী জাহাজটি অচল হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় পণ্যভর্তি জাহাজটি এখন বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
বন্দর সূত্র জানায়, প্রায় ৩৩ হাজার টন সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার নিয়ে গতকাল গভীর রাতে বন্দরের বহির্নোঙরে ভিড়ে পানামার পতাকাবাহী এমভি ফরচুন ক্লাউড জাহাজটি। বহির্নোঙরে যাওয়ার পরই বিপদের মুখে পড়ে এটি।
বন্দর কর্মকর্তারা জানান, নোঙর ফেলেও জাহাজটি ভারসাম্য অবস্থায় রাখা যায়নি। একপর্যায়ে জাহাজটির সঙ্গে দেশীয় পতাকাবাহী এমভি আবদুল্লাহ নামের অন্য একটি জাহাজের সংঘর্ষ হয়। এতে এমভি ফরচুন ক্লাউডের ইঞ্জিনকক্ষের আশপাশে ফুটো হয়ে পানি ঢুকে অচল হয়ে পড়ে জাহাজটি।
বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, বন্দর ও নৌবাহিনীর কয়েকটি উদ্ধারকারী জাহাজ দিয়ে দুর্ঘটনাকবলিত জাহাজটি ভারসাম্য অবস্থায় রাখা হয়েছে। জাহাজটি দ্রুত সচল করতে মালিকপক্ষের প্রতিনিধিদের পরামর্শ দেওয়া হয়েছে। তাঁরা শিগগিরই কাজ শুরু করবেন।