চট্টগ্রাম বন্দরে দুদিনের বিশেষ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের একটি শেডে গতকাল ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় l প্রথম আলো
চট্টগ্রাম বন্দরের একটি শেডে গতকাল ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় l প্রথম আলো

সন্ত্রাসবাদ প্রতিরোধে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে গতকাল সোমবার থেকে ‘অপারেশন আইরিন’ নামে দুই দিনব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিন বন্দরের তিনটি শেডে আমদানি পণ্যভর্তি প্যাকেট ও বাক্স তল্লাশি করা হয়। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডগ স্কোয়াডের সহায়তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। অভিযানে সহায়তা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টম। এ অভিযানে অবৈধ হালকা অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য পাচার রোধে বিশেষ জোর দেওয়া হচ্ছে। মূলত এই তিন ধরনের পণ্য শনাক্ত করতে সক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত তিনটি কুকুর দিয়ে গতকাল অভিযান চালানো হয়।
বিশ্ব কাস্টম সংস্থার আওতাধীন গোয়েন্দা ইউনিট ‘রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’-এর (আরআইএলওএপি) ৩৩টি সদস্যদেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই সংস্থার সদস্য হিসেবে বাংলাদেশেও সমুদ্র, স্থল ও বিমানবন্দরগুলোতে এ অভিযান চলছে। ৮ জুলাই থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৩ জুলাই পর্যন্ত। বাংলাদেশের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ‘আরআইএলওএপি’র প্রতিনিধিত্ব করছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ বলেন, মঙ্গলবারও (আজ) অভিযান পরিচালনা করা হবে।

গতকাল বন্দরে গিয়ে দেখা যায়, বেলা ১১টায় বন্দরের সিসিটি এলাকায় অবস্থিত কনটেইনারে পরিবাহিত পণ্য রাখার শেডে কুকুর দিয়ে তল্লাশি করা হয়। শেডটিতে পোশাকশিল্পের কাপড়, সরঞ্জাম ও ড্রামভর্তি আমদানি পণ্য দেখা যায়। বন্দর কর্মকর্তারা বলেন, প্রায় ১৪ হাজার বর্গমিটার আয়তনের এই শেডে বন্দর দিয়ে আমদানি হওয়া কনটেইনারজাত পণ্য রাখা হয়। এক কনটেইনারে একাধিক আমদানিকারকের পণ্য থাকলে তা খুলে প্রথমে শেডে রাখা হয়। পরে আমদানিকারকেরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে শেড থেকে নিজেদের আমদানি পণ্য খালাস করতে পারেন।

‘অপারেশন আইরিন’-এর নামকরণের বিষয়ে জানতে চাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যেকোনো অভিযান পরিচালনার সময় একটি ‘কোড নেম’ (সাংকেতিক নাম) দেওয়া হয়। অপারেশন আইরিন একটি কোড নেম। ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৩টি সদস্যদেশ সর্বসম্মতিক্রমে এই নামে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।