চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র স্ট্র্যাডল ক্যারিয়ারের চাপায় একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনোয়ার উল্লাহ (৩৫)। তাঁর বাড়ি নোয়াখালীর সেনবাগে। আমদানিকারকের পক্ষে পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন এজেন্সিতে জেটি সরকার হিসেবে তিনি কর্মরত ছিলেন।এ ঘটনার প্রতিবাদে এনসিটি ইয়ার্ড থেকে পণ্য খালাসের কাজ তিন ঘণ্টা বন্ধ রাখেন সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারীরা। পরে এই ইয়ার্ড পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে সিঅ্যান্ডএফ এজেন্ট মালিক ও কর্মচারী সংগঠনের নেতারা। নিহত কর্মচারীকে ক্ষতিপূরণ প্রদানের লিখিত সমঝোতা হওয়ার পর পণ্য খালাসের কাজ আবার শুরু করেন কর্মচারীরা। এ প্রসঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার জন্য স্ট্র্যাডল ক্যারিয়ারের চালককে বহিষ্কার করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। নিহত কর্মচারীকে ক্ষতিপূরণ প্রদানসহ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক থাকবে প্রতিষ্ঠানটি। এমন সমঝোতা হওয়ায় রাত আটটা থেকে এনসিটি ইয়ার্ড থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।