চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ৯০০ গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে প্রায় ১৩৫ কোটি টাকা দামের ৯০০ গাড়ি নিলামে উঠছে। এসব গাড়ির মধ্যে প্রায় ১৬ বছর আগে আমদানি করা গাড়িও রয়েছে। এ ছাড়া ২০০৮ সালের আগে আমদানি করা গাড়ি রয়েছে ২৬৪টি। চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস সূত্রে এ তথ্য জানা গেছে।বন্দর সূত্রে জানা গেছে, এসব গাড়ি নিলামে বিক্রির জন্য ১৮ আগস্ট বন্দরের পরিবহন বিভাগ থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে চিঠি দেওয়া হয়। চিঠিতে এসব গাড়ি দীর্ঘদিন বন্দরের মূল্যবান জায়গা দখল করে আছে বলে উল্লেখ করা হয়। বন্দরের কাজে গতি আনতে গাড়িগুলো দ্রুত নিলামে তোলার অনুরোধ করা হয় চিঠিতে।চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের পরিচালক কে এম মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, এসব গাড়ি দীর্ঘদিন পড়ে থাকায় বন্দরের মূল্যবান জায়গা অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এ কারণে শুল্ক বিভাগকে নিলামে তুলে গাড়িগুলো বিক্রির অনুরোধ করা হয়েছে। কারণ আমদানির পর ৩০ দিন পার হওয়ায় এগুলো এখন শুল্ক বিভাগের সম্পত্তি। কাস্টম হাউসের কমিশনার (রপ্তানি) মো. জামাল হোসেন বলেন, বন্দর থেকে কাগজপত্র পাওয়ার পর এসব গাড়ি নিলামে তোলা হবে। এ জন্য আমদানিকারকদের নোটিশ দিয়ে নিলামে তোলার বিষয়টি জানানো হবে। অকারণে বন্দরে গাড়ি ফেলে রাখার সুযোগ দেওয়া হবে না।বন্দরের ভাড়ার হিসাব অনুযায়ী, জাহাজ থেকে নামানোর ১৪ দিনের বেশি হলে প্রতি এক টন ওজনের গাড়ি রাখার ভাড়া প্রতিদিন ৩৯৩ টাকা। প্রতিটি গাড়ি এক থেকে দুই টন ওজনের হিসাব করে ৯০০ গাড়ির প্রতিদিনের ভাড়া আসে প্রায় চার লাখ টাকা। নিলামে তুলে বিক্রি করতে দেরি হলে বন্দর কর্তৃপক্ষের এই টাকা পাওয়ার সম্ভাবনা কম।১৯৯৩ সালের আগস্টে আমদানি করা একটি ট্রাক এফ শেডে পড়ে আছে। ট্রাকটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বন্দরের ভাড়ার হার হিসাব করে দেখা গেছে, ট্রাকটি ১৬ বছর ধরে বন্দরে রাখার ভাড়া এসেছে প্রায় অর্ধকোটি টাকা। অথচ নিলামে তুলে বিক্রি করলে এই টাকার সিকিভাগও পাবে না বন্দর কর্তৃপক্ষ।