চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের যন্ত্রের চাপায় একজন নিহত
চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় পণ্য খালাসের যন্ত্রের (ফর্কলিফট) চাপায় আজ বুধবার বেলা তিনটায় সিঅ্যান্ডএফ এজেন্টের এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনার পর বন্দর চত্বরে আমদানি পণ্য খালাস নেওয়া থেকে বিরত রয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্টরা। দুর্ঘটনাস্থলে বিক্ষোভ করছেন তাঁরা।
নিহত ব্যক্তির নাম মো. এনায়েত হোসেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠিতে। তিনি সিঅ্যান্ডএফ এজেন্ট ‘সনেট এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে জেটি সরকার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও বন্দর সূত্রে জানা গেছে, আজ বিকেলে পণ্য খালাস নিতে বন্দরের কনটেইনার রাখার চত্বর ‘এনসিওয়াই’-এ যান এনায়েত হোসেন। এ সময় কনটেইনার থেকে পণ্য নিয়ে ট্রাকে বোঝাই করার সময় ফর্কলিফটে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি কাজী মো. খায়রুল বাশার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরই সংগঠনের সদস্যরা বন্দরে পণ্য খালাসের কার্যক্রম থেকে বিরত রয়েছেন। এ ঘটনায় দোষী ফর্কলিফটের চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং কাজের পরিবেশের নিশ্চয়তার দাবিতে বিক্ষোভ চলছে।
দুর্ঘটনার পর বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন। বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসেছি।’