চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের যন্ত্রের চাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় দুর্ঘটনায় গতকাল বুধবার বিকেলে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের এক কর্মচারী নিহত হয়েছেন।

এ ঘটনায় দুই ঘণ্টা বন্দর চত্বরে আমদানি পণ্য খালাস নেওয়া থেকে বিরত ছিলেন সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মীরা। পরে পুলিশ ও বন্দর কর্মকর্তাদের পদক্ষেপ নেওয়ার আশ্বাসে তাঁরা কাজে যোগ দেন।

নিহত ব্যক্তির নাম মো. এনায়েত হোসেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠিতে। তিনি আমদানিকারকের পক্ষে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট সনেট এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে জেটি সরকার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও বন্দর সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পণ্য খালাস নিতে বন্দরের কনটেইনার রাখার চত্বর এনসিওয়াইয়ে যান এনায়েত হোসেন। এ সময় পণ্য খালাসের যন্ত্র ফর্কলিফটে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুর্ঘটনার পরই ফর্কলিফটের চালক আলী আকবর পালিয়ে যান।