চট্টগ্রাম বন্দরে পাইলট সংকট কাটাতে চুক্তিভিত্তিক নিয়োগ
চট্টগ্রাম বন্দরে পাইলট সংকট কাটাতে এবার চুক্তিভিত্তিক নিয়োগের পরিকল্পনা করছে বন্দর কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে গতকাল রোববার তিনজন পাইলটকে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ তিনজন পাইলট শিগিগরই অবসরে যাওয়ার কথা।বহির্নোঙর থেকে বন্দর জেটিতে জাহাজ আনা-নেওয়া এবং এক জেটি থেকে আরেক জেটিতে স্থানান্তরের মূল দায়িত্ব পালন করেন পাইলটরা। বন্দর জেটিতে জাহাজ আনা-নেওয়ার জন্য বন্দরের পাইলট নেওয়া বাধ্যতামূলক। চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. মুহিবুল হক প্রথম আলোকে বলেন, সংকট কাটাতে পাইলটের আরও নতুন ১০টি স্থায়ী পদ বাড়ানোর প্রস্তাবনা নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন এ নিয়োগের আগে যাতে সংকট তৈরি না হয় সে জন্য চুক্তিভিত্তিক তিনজনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।তত্ত্বাবধায়ক সরকারের আমলে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বন্দরের পাইলটদের অবসরের বয়সসীমা ৫৭ বছর থেকে ৬০ বছরে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়। নিয়ম মেনে অবসরের এ সময়সীমা বাড়ানো হয়নি বলে বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়। পরে ২০০৯ সালের ১৭ আগস্ট নৌপরিবহন মন্ত্রণালয় এক চিঠিতে সেই অনুমোদন বাতিল করে।বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরের পাইলট আছেন আটজন। এর বাইরে প্রেষণে কর্মরত আছেন দুজন। আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে পাঁচজন পাইলট অবসরে যাওয়ার কথা। প্রথম শ্রেণীর পাইলটের লাইসেন্স পেতে নিয়োগের পর অন্তত পাঁচ বছর লেগে যায়।বন্দরের হিসাবে দেখা গেছে, গত অর্থবছরে (২০০৯-১০) এক হাজার ৮৭২টি জাহাজ বন্দরে ভিড়ে। একই সময় বন্দর ছেড়ে যায় এক হাজার ৮৫৯টি জাহাজ। এ ছাড়া এক জেটি থেকে আরেক জেটিতে স্থানান্তর হয় ৩৪৯টি জাহাজ। এ হিসাবে দিনে গড়ে ১১ টির বেশি জাহাজ আনা-নেওয়া এবং স্থানান্তর করতে হচ্ছে পাইলটদের।বন্দরের নৌ-বিভাগের একজন কর্মকর্তা বলেন, স্বাধীনতার আগে বন্দরে পাইলটের পদ ছিল ১০টি। নিরবচ্ছিন্নভাবে বন্দরে জাহাজ আনা-নেওয়ার জন্য অন্তত ২০ জন পাইলট দরকার।