চট্টগ্রাম বন্দরে পড়ে আছে পণ্যভর্তি দুই হাজার কনটেইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জেটিতে আমদানির পণ্যভর্তি প্রায় দুই হাজার কনটেইনার আটকা পড়েছে। ১৫-২০ বছর ধরে পড়ে আছে এক হাজার কনটেইনার। জানা গেছে, নিলাম-প্রক্রিয়ায় জটিলতার কারণে এসব কনটেইনার আটকা পড়েছে। এসব কনটেইনারের পণ্য পচে কিংবা নষ্ট হয়ে খাওয়ার বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সর্বশেষ গত সপ্তাহে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এসব কনটেইনারের মালামাল বিক্রির ব্যবস্থা করতে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর এভাবে কনটেইনার পড়ে থাকায় বন্দরের অন্তত ৬২ কোটি টাকার রাজস্ব আয় হাতছাড়া হয়ে গেছে। বন্দরের সংরক্ষিত জেটি এলাকায় কনটেইনার রাখার ভাড়া হিসাব করে এই আয় ধরা হয়েছে।বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিলামযোগ্য এই দুই হাজার পণ্যভর্তি কনটেইনার বন্দরের বিশাল এলাকা দখল করে রেখেছে। এতে দৈনন্দিন অপারেশনাল কাজে মারাত্মক সমস্যা হচ্ছে। এগুলো নিলামে বিক্রির জন্য বছরের পর বছর চিঠি দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি।বন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আটকে পড়া নিলামযোগ্য পণ্যভর্তি কনটেইনারের মধ্যে চারটি রেফার কনটেইনার রয়েছে। এ ধরনের কনটেইনারে সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা চালু রাখতে হয়। তাই এই চারটি কনটেইনারে সার্বক্ষণিক বিদ্যুৎ-সংযোগ চালু রাখতে হয়েছে। দুটি কনটেইনারে রাখা আপেল ও কমলা ইতিমধ্যে পচে গেছে। বাকি দুটি কনটেইনারের একটিতে এক্স-রে ফিল্ম এবং অন্যটিতে ওষুধ তৈরির কাঁচামাল রয়েছে। আটক অন্যান্য কনটেইনারে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, রাসায়নিক সামগ্রী, গুঁড়া দুধ, কাগজ, খেলনাসামগ্রী ইত্যাদি রয়েছে।সংশ্লিষ্ট একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, আটক কিছু কনটেইনারের পণ্য মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা হয়। সংশ্লিষ্ট বন্দর ও শুল্ক কর্মকর্তার যোগসাজসশে রাজস্ব ফাঁকি দিয়ে ওই পণ্য খালাসের চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো কারণে সেই পণ্য খালাস করা সম্ভব হয়নি।চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (রপ্তানি) মো. জামাল হোসেন প্রথম আলোকে বলেন, অনেক আমদানি পণ্য নিয়ে আদালতে বছরের পর বছর মামলা চলছে। তাই এসব পণ্য নিলামে তুলে বিক্রি করা সম্ভব হচ্ছে না। বন্দরের বিধিমালা অনুযায়ী, আমদানিকারক কিংবা তাঁর প্রতিনিধি পণ্য খালাসের জন্য ৩০ দিনের মধ্যে প্রক্রিয়া শুরু না করলে ওই পণ্যভর্তি কনটেইনার নিলামে চলে যায়। প্রতিদিন ১০০-১৫০ কনটেইনার পণ্যসামগ্রী নিলামযোগ্য হয়। তবে বেশির ভাগ আমদানিকারক নিজেই আদালতে মামলা করে নিলামযোগ্য মালামাল ছাড়িয়ে নেন। তবে যেসব পণ্য জাল-জালিয়াতি কিংবা রাজস্ব ফাঁকি দিয়ে ছাড়িয়ে নেওয়ার অসৎ উদ্দেশ্যে আমদানি হয়, সেগুলো দীর্ঘদিন শুল্ক বিভাগের নিলামের হিসাবে পড়ে থাকে।