চট্টগ্রাম বন্দরে বাদ পড়া শ্রমিকদের বাছাই আজ
চট্টগ্রাম বন্দরে বাদপড়া শ্রমিকদের আজ বুধবার যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর আগে অনুষ্ঠিত বাছাইয়ে যাঁরা উপস্থিত হতে পারেননি তাঁদের অংশ নেওয়ার জন্য এ বাড়তি সময় দেওয়া হয়েছে।আজ সকালে বন্দরের স্টেডিয়ামে তিনটি কমিটি এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করবে।এর আগে গত ২৬ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ডক শ্রমিক, স্টিভিডোরিং স্টাফ ও মার্চেন্ট শ্রমিক—এই তিন ক্যাটাগরির প্রায় আড়াই হাজার শ্রমিক শনাক্ত করা হয়, যাঁরা বন্দরের কাজ করতে সক্ষম।প্রসঙ্গত, গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌপরিবহনমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিকনেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বন্দরে সংস্কার কার্যক্রমের সময় বাদপড়া শ্রমিকদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করে সক্ষমদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যাচাই-বাছাই কার্যক্রম শেষ হলে এসব শ্রমিককে বন্দরে নিয়োগ করা হবে।তবে বন্দরের পণ্য ওঠানামার কাজে জড়িত বেসরকারি বার্থ অপারেটরদের বক্তব্য হচ্ছে, বর্তমান ব্যবস্থাপনায় বাড়তি কোনো শ্রমিক নিয়োগের সুযোগ নেই।প্রসঙ্গত, ২০০৭ সালের ১৬ মে থেকে চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটরদের মাধ্যমে শ্রমিক নিয়োগ হয়ে আসছে। বার্থ অপারেটররা কাজের আগে আগে প্রয়োজনীয়সংখ্যক শ্রমিক নিয়োগ দিচ্ছেন। একইভাবে সিসিটি ইয়ার্ডেও শ্রমিক নিয়োগ দিচ্ছে বেসরকারি সংস্থা সাইফ পাওয়ার টেক। বার্থ অপারেটরিং প্রথা চালুর আগ পর্যন্ত ১৯৮০ সালের ডক শ্রমিক আইনের আওতায় গঠিত ‘ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড’ নামের একটি সংস্থা শ্রমিক নিয়োগ দিত।