চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটরদের দ্বন্দ্ব নিরসনে বৈঠক
চট্টগ্রাম বন্দরে সাধারণ জেটি পরিচালনাকারী বার্থ অপারেটরদের দ্বন্দ্বের বিষয় মীমাংসা করতে বন্দর কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল সোমবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বাংলাদেশ মাস্টারস স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) সভাপতি এ কে এম মঞ্জুর আলম উপস্থিত ছিলেন।তত্ত্বাবধায়ক সরকারের আমলে টাস্কফোর্সের সিদ্ধান্তে ২০০৭ সালের ১৬ মে থেকে বন্দরে সাধারণ জেটিতে পণ্য ওঠানামার জন্য বার্থ অপারেটর পদ্ধতি চালু হয়। বন্দরে বিদ্যমান স্টিভিডোরস প্রতিষ্ঠানগুলোকে ১২টি গ্রুপে ভাগ করে ১২টি সাধারণ জেটিতে পণ্য ওঠানামার দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি গ্রুপে একজন করে নেতৃত্ব দেওয়া হয়। অন্যদের সহযোগী হিসেবে রাখা হয়। এর বাইরে বহির্নোঙরে পণ্য ওঠানামার দায়িত্ব দেওয়া হয় ১৬টি প্রতিষ্ঠানকে।সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, বার্থ অপারেটরের নেতৃত্ব যাঁরা আছেন, তাঁরা পণ্য ওঠানামার কাজ কুক্ষিগত করে রেখেছেন। সহযোগীদের যখন ইচ্ছে তখন নির্দিষ্ট হারে টাকা দিচ্ছেন।গতকাল সভায় উপস্থিত বিএমএসএর সভাপতি মঞ্জুর আলম প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে টাস্কফোর্সের নেওয়া সিদ্ধান্ত আইনগতভাবে ঠিক ছিল না। বিষয়টি চ্যালেঞ্জ করে কিছু ক্ষুব্ধ প্রতিষ্ঠান আদালতে রিট করে। গতকাল বৈঠকে বিষয়টি মীমাংসার জন্য বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।