চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ পণ্যের খালাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে এক জাহাজে আমদানি করা বিপুল পরিমাণ পণ্যের খালাস স্থগিত করেছে শুল্ক কর্তৃপক্ষ। ৪ মার্চ বন্দরের ৭ নম্বর জেটিতে এমভি হিউজ এসডব্লিউ জাহাজ থেকে এসব পণ্য বন্দরের জেটিতে নামিয়ে রাখা হয়। এসব পণ্য এখন বন্দরের ৩ ও ৭ নম্বর শেডে রাখা হয়েছে।চট্টগ্রাম শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, হট রোল ঘোষণা দিয়ে সিঙ্গাপুর থেকে এমভি হিউজ এসডব্লিউ জাহাজে করে ছয় হাজার ৩৭৩ টন পণ্য আমদানি করেন কয়েকজন আমদানিকারক। কিন্তু হট রোল ঘোষণা দিয়ে গ্যালভানাইজড শিট আমদানি করা হয়েছে—এ খবর পেয়ে সব পণ্যের খালাস স্থগিত করে শুল্ক কর্তৃপক্ষ। এই দুই ধরনের পণ্যে শুল্ক-পার্থক্য রয়েছে।কাস্টম হাউসের কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করা হয়েছে সন্দেহে এসব পণ্যের খালাস স্থগিত করা হয়েছে। এ কারণে কায়িক পরীক্ষা করে ঘোষণা অনুযায়ী পণ্য এসেছে কি না, তা খতিয়ে দেখা হবে। ঘোষণা অনুযায়ী পণ্য পাওয়া না গেলে আটক করা হবে, অন্যথায় আমদানিকারক খালাস করতে পারবেন।