চট্টগ্রাম বন্দর থেকে প্রতি মাসে ১০ কোটি টাকার যন্ত্রাংশ চুরি হচ্ছে বলে অভিযোগ করেছেন গাড়ি ব্যবসায়ীরা। রিকন্ডিশন্ড গাড়ির বাংলাদেশে আমদানিকারক ও বিক্রেতাদের সংগঠন বারভিডা গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংগঠনের সভাপতি আবদুল মান্নান চৌধুরী অভিযোগ করে বলেন, এই চুরির সঙ্গে শিপিং এজেন্টের কর্মচারী, বন্দরের নিরাপত্তাকর্মী এবং মোটর পার্টস ব্যবসায়ীদের একটি চক্র জড়িত। অবিলম্বে চুরি রোধে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে বন্দর থেকে গাড়ি খালাস বন্ধের হুমকি দেন তিনি। আবদুল মান্নান গত ৬ ফেব্রুয়ারি বন্দরের এবি শেডে ছয়টি প্রাইভেট কার থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি হওয়ার তথ্য তুলে ধরে বলেন, সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন গাড়ির ইঞ্জিন কন্ট্রোলার, টায়ার, ডিভিডি, ব্যাটারি চুরি করে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বারভিডার সাধারণ সম্পাদক আবদুল হামিদ শরিফ, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ হাবীবুর রহমান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও প্রচার সম্পাদক মশিউর রহমান।