চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পদার্থ খালাসের সময় বিস্ফোরণ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের চত্বরে গতকাল বুধবার রাতে কনটেইনার খুলে রাসায়নিক পদার্থ খালাস নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত চারজন শ্রমিক আহত হয়।
আহত শ্রমিকেরা বন্দরের বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের কর্মী। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর কর্মকর্তারা জানান, গতকাল নিউমুরিং কনটেইনার টার্মিনালে ডেলিভারি পয়েন্টে একটি কনটেইনার থেকে ড্রামভর্তি মিথানল খালাস করে কাভার্ড ভ্যানে বোঝাই করা হচ্ছিল। এ সময় কনটেইনারে থাকা মিথানলের ড্রামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কনটেইনার বেঁকে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুন ধরে যায়।
বিস্ফোরণে খালাসকাজে নিয়োজিত শ্রমিকেরা আহত হন।
বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্ণেল আলমগীর কবির রাতে প্রথম আলোকে জানান, বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।