চট্টগ্রাম বন্দরে শ্রমিক নিয়োগ পদ্ধতি ঠিক করতে কমিটি
চট্টগ্রাম বন্দরে বাছাই করা শ্রমিকদের কোন পদ্ধতিতে নিয়োগ দেওয়া হবে, তা নির্ধারণ করতে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়েছে।ওই আদেশে বলা হয়, বাছাই করা শ্রমিকদের বন্দরের বেসরকারি অপারেটরদের অধীনে কীভাবে পুনর্বহাল করা যায়, সে বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে এ কমিটি। এ ছাড়া শ্রমিকদের কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার বিষয়েও কমিটি সুপারিশ করবে।কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. আলাউদ্দিনকে। কমিটিতে বন্দরের তিনজন প্রতিনিধি, শ্রমিক পক্ষ ও বেসরকারি অপারেটরদের পাঁচজন করে প্রতিনিধি এবং যুগ্ম শ্রম পরিচালকের একজন প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে।জানা গেছে, এই কমিটি গঠন করায় ১২ এপ্রিল ১৬ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন আজ মঙ্গলবার বৈঠকে বসবে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের বন্দরে পুনর্বহালের দাবিতে ফেডারেশন এ কর্মসূচি দিয়েছিল।