চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বাধার মুখে সরকারি চাল খালাস বন্ধ
চট্টগ্রাম বন্দরে গতকাল বুধবার একটি জাহাজ থেকে সরকারি চাল খালাস করা যায়নি। ফলে বন্দরে খাদ্যবাহী জাহাজজটের আশঙ্কা তৈরি হয়েছে। শ্রমিকদের বাধার কারণে চাল খালাস করা যায়নি বলে জানা গেছে।বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে খাদ্যশস্যের জন্য নির্ধারিত দুটি জেটিতে থাকা দুটি জাহাজ থেকে চাল খালাস হচ্ছিল। বহির্নোঙরে চার থেকে ছয় দিন ধরে খালাসের অপেক্ষায় আছে সরকারি-বেসরকারি চালবাহী আরও চারটি জাহাজ। আজ বৃহস্পতিবারের মধ্যে আরও তিনটি জাহাজ আসার কথা রয়েছে।এ অবস্থায় কনটেইনার জেটিতে জাহাজ ভিড়িয়ে চাল খালাসের অনুমতি দেয় বন্দর কর্তৃপক্ষ। অনুমতি পেয়ে আইএলসি ফ্রেন্ডশিপ জাহাজটি গতকাল সকালে নয় নম্বর জেটিতে ভেড়ে। গত ১৫ জুলাই জাহাজটি বহির্নোঙরে আসে। গতকাল বিকেল চারটার পালা থেকে এ জাহাজে চাল খালাসের জন্য প্রয়োজনীয় কাজ সেরে নেয় বেসরকারি বার্থ অপারেটর ফোর জুয়েলস সিন্ডিকেট। ফোর জুয়েলস স্টিভিডোরিং সিন্ডিকেটের ব্যবস্থাপক (অপারেশন) শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘জাহাজ থেকে পণ্য খালাসের জন্য দুই গ্যাং শ্রমিক (৩৮ জন) ও কর্মচারী নিয়ে নয় নম্বর জেটিতে গেলে শ্রমিকেরা আমাদের বাধা দেন। তাঁদের বাধার মুখে আমরা ফিরে আসি। এ সময় খাদ্য বিভাগের ঠিকাদারেরা ট্রাকে চাল বোঝাই করার জন্য জেটিতে গেলেও চাল বোঝাই করতে পারেননি।’ আইএলসি ফ্রেন্ডশিপ জাহাজের স্থানীয় প্রতিনিধি মেরিনার ট্রান্সপোর্ট সিস্টেম কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, সকালে জাহাজটি জেটিতে ভিড়ে। বিকেল থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল।