চট্টগ্রাম বন্দরে সই জাল করে পণ্য খালাসের চেষ্টা, একজন গ্রেপ্তার
জাল সই নিয়ে একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানের প্রায় ৪৫ লাখ টাকার কাঁচামাল ছাড়িয়ে নেওয়ার সময় গতকাল বুধবার একজনকে আটক করেছেন বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মীরা। আটক ব্যক্তির নাম গৌতম সরকার। জানা গেছে, গৌতম সিঅ্যান্ডএফ এজেন্ট জে অ্যান্ড জে করপোরেশনের জেটি সরকার হিসেবে কর্মরত। আটকের পর তাঁকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, গাজীপুরের পাওয়ারপ্যাক ফ্যাশন লিমিটেডের আমদানি করা ১১৩ রোল ফেব্রিক্স এবং ৭৫ কার্টন পোশাকশিল্পের কাঁচামাল খালাস করার দায়িত্বে ছিল জে অ্যান্ড জে করপোরেশন। এই প্রতিষ্ঠানের জেটি সরকার হিসেবে গতকাল সকালে বন্দরের ৩ নম্বর গেটে পণ্য খালাসের ছাড়পত্র জমা দেন গৌতম। এ সময় বন্দর ও শুল্ক বিভাগের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে পণ্য খালাসের ছাড়পত্রে বন্দর কর্মকর্তাদের তিনটি জাল সই শনাক্ত করেন। একপর্যায়ে তাঁর দেহ তল্লাশি করে দুজন রাজস্ব কর্মকর্তার সিলও পাওয়া যায়। এ সময় তাঁকে আটক করা হয়। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, জাল সই নিয়ে পণ্য খালাসের চেষ্টা ভণ্ডুল করা হয়েছে। অন্যথায় একই পণ্যের জন্য তাঁরা বন্দরের কাছে ক্ষতিপূরণের দাবি তুলতেন।