চট্টগ্রাম বন্দরে সাড়ে তিন কোটি টাকার পোস্তদানা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান থেকে আমদানি করা দুটি কনটেইনারভর্তি পণ্য চট্টগ্রাম বন্দরের জেটিতে পড়ে ছিল প্রায় দুই মাস। সন্দেহ থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার দুপুরে কনটেইনার দুটি খুলে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের পোস্তদানা পেয়েছেন। সরকারি নীতিমালায় পোস্তদানা আমদানি নিষিদ্ধ। এ কারণে পণ্যের চালান দুটি জব্দ করা হয়।শুল্ক কর্মকর্তারা জানান, পণ্যের চালান দুটির মধ্যে ৪০ ফুট দীর্ঘ এক কনটেইনারের আমদানিকারক ঢাকার ১৪৫ শান্তিনগরের এবি এন্টারপ্রাইজ। ২০ ফুট দীর্ঘ অপর কনটেইনারের আমদানিকারক ঢাকার মালিবাগের ৪৮০ ডিআইটি রোডের ইউনিকেট (বিডি) লিমিটেড। এ দুই প্রতিষ্ঠানের নামে শুল্ক কর্তৃপক্ষের কাছে অনলাইনে দাখিল করা আমদানিসংশ্লিষ্ট দলিলপত্রে (আইজিম) এসব তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, দুটি কনটেইনারে যথাক্রমে ২৮ মেট্রিক টন এবং ১৪ মেট্রিক টন সরিষার বীজ রয়েছে। তবে পণ্যের চালান খালাস করে নেওয়ার জন্য শুল্ক কর্তৃপক্ষের কাছে কোনো আমদানি চালান (বিল অব এন্ট্রি) দাখিল করা হয়নি।শুল্ক কর্মকর্তারা গতকাল ২৮ মেট্রিক টন চালানের কনটেইনারে ২৬ টন ৪০০ কেজি পোস্তদানা এবং ৮৫০ কেজি সরিষার বীজ পেয়েছেন। আটক পোস্তদানার বাজারমূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা বলে শুল্ক কর্মকর্তারা জানান।১৪ মেট্রিক টন চালানের অপর কনটেইনারে পেয়েছেন ১৩ মেট্রিক টন ২৮১ কেজি পোস্তার দানা এবং ৪০৪ কেজি সরিষার বীজ। এ পোস্তদানার বাজারমূল্য প্রায় সোয়া এক কোটি টাকা। আমদানিকারকদের নাম-ঠিকানা ভুয়া হতে পারে বলে শুল্ক কর্মকর্তারা মনে করছেন।চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, একটি সংঘবদ্ধ চক্র এভাবে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ পোস্তদানা আমদানি অব্যাহত রেখেছে।