চট্টগ্রাম বন্দরে সাড়ে ৩২ লাখ কনটেইনার পরিবহনের রেকর্ড
রপ্তানি ও শিল্প খাতের প্রবৃদ্ধির ওপর ভর করে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বেড়েছে। সদ্য সমাপ্ত অর্থবছরে এই বন্দরে কনটেইনার পরিবহনে ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ৩২ লাখ ৫৫ হাজার একক কনটেইনার পরিবহন হয়েছে। এ সংখ্যা আগের অর্থবছরের তুলনায় ৫ শতাংশ বেশি।
চট্টগ্রাম বন্দরের মূল জেটি, কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনালের কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যা হিসাব করে আজ শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ। আমদানি-রপ্তানি পণ্যবোঝাই ও খালি কনটেইনার এ হিসাবে রয়েছে।
কনটেইনারে প্রবৃদ্ধি হওয়ার অর্থ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে। শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি বাড়ছে। কারণ, কয়েকটি ছাড়া সব শিল্পকারখানার কাঁচামাল কনটেইনারে আমদানি হয়। এ তালিকায় আছে পোশাক, ওষুধ, জুতা, ইস্পাত, বাণিজ্যিক পণ্য, ভোগ্যপণ্য ইত্যাদি। আবার রপ্তানি পণ্যের প্রায় পুরোটাই পাঠানো হয় কনটেইনারে।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, গত অর্থবছরে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ছিল। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরের জটের প্রভাবও পড়েছিল। এরপরও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা সচল ছিল। তাতে সবার সম্মিলিত প্রচেষ্টায় কনটেইনার ও পণ্য পরিবহনে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
দেশে এখন কনটেইনারে পণ্য আমদানি-রপ্তানি হয় চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে। কনটেইনার পরিবহনের ৯৮ শতাংশই আনা-নেওয়া হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনের তথ্যে দেশের বৈদেশিক বাণিজ্যের চিত্র উঠে আসে।
শুধু কনটেইনারই নয়, পণ্য পরিবহনেও প্রবৃদ্ধি ধরে রেখেছে বন্দর। গত অর্থবছরে কনটেইনার পণ্য ও কনটেইনারবিহীন মোট পণ্য পরিবহন হয় ১১ কোটি ৮১ লাখ টন। অর্থাৎ পণ্য পরিবহনে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪ শতাংশ।
কনটেইনারে কাঁচামাল আমদানি এবং রপ্তানি পণ্য পরিবহনে এককভাবে শীর্ষ ব্যবহারকারী হলো বিজিএমইএ। বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পোশাক খাতের কাঁচামাল আমদানি-রপ্তানি বেড়েছে। উদ্যোক্তারাও নানা প্রতিকূল অবস্থার সময় কারখানা সচল রেখেছেন। কর্মীরা কাজ করেছেন। বন্দরের কর্মীদের নিরলস চেষ্টায় এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন, আগের তুলনায় সেবায় বন্দর অনেক এগিয়ে আসছে, এটা ঠিক। তবে সামনে সেবার আওতা ও সক্ষমতা দুটোই বাড়াতে হবে। কারণ, পদ্মা সেতুসহ সরকারি অবকাঠামো নির্মাণ শেষে বেসরকারি খাতে শিল্পকারখানা গড়ে উঠবে। এই চাপ নেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে।