চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় ব্যবস্থা ১০ অক্টোবর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে ১০ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়-পদ্ধতি শুরু হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল বুধবার সকালে বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান মিলনায়তনে এক কর্মচারী সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর দাবির কারণে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয়-পদ্ধতি চালুর সময় কয়েক দফা পেছানো হয়েছিল।বন্দর কর্মচারীদের ভাতা বৃদ্ধির কারণে এ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ। সমাবেশে বক্তব্য দেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নৌ মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন।নৌপরিবহনমন্ত্রী যাচাই-বাছাই করা শ্রমিকদের নিয়োগের ব্যবস্থা করতে শ্রম শাখাকে নির্দেশ দেন।সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বন্দরের শ্রমিকদের মামলা প্রত্যাহার করে কাজে যোগদানের ব্যবস্থা নিতে আহ্বান জানান। একইভাবে যাচাই-বাছাই করা শ্রমিকদের পর্যায়ক্রমে নিয়োগের ব্যবস্থা করার দাবি জানান।